দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
লেবানন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার খাদরালি সড়কে একটি সামরিক যান লক্ষ্য করে ‘বর্বর ইসরায়েলি হামলা’ চালানো হলে একাধিক সেনা সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, সন্দেহজনকভাবে চলাচলকারী একটি যানবাহনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় হিজবুল্লাহর তৎপরতার সুনির্দিষ্ট তথ্য ছিল। আইডিএফ আরও জানিয়েছে, ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় শিক্ষা নেওয়া হবে।
নাবাতিয়েহ অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে, যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুনর্নবীকরণ করা হয়েছিল।
এর আগে চলতি সপ্তাহে ওই এলাকায় পৃথক হামলায় একজন লেবাননি সেনা নিহত এবং আরও দু’জন আহত হন।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননে অবস্থান অব্যাহত রাখলে তারা যুদ্ধবিরতি মেনে নেবে না।
এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।
এদিকে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম ও শহরের বাসিন্দাদের জন্য নতুন করে সরিয়ে যাওয়ার নির্দেশ জারি করেছে। আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ সেখানে কার্যক্রম চালাচ্ছে। ফলে বেসামরিক মানুষকে জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়েছে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
এমএস/